“নিজের আলো”
সামীউল ইসলাম শামীম
অন্যের আলো দেখে কখনো
নিজের আলো নিভিও না,
ছোট হলেও সত্যের পথে
চলার সাহস হারিও না।
হোঁচট খেলে থেমে যেও না,
পথ তো সবারই কঠিন হয়,
যে নিজের ভুল থেকে শেখে
তার জীবনেই আসে জয়।
সততার পথ ধীর হলেও
শেষে দেয় সম্মান,
মিথ্যার রঙ ঝলমলে হলেও
থাকে না বেশিদিন প্রাণ।
নিজের ওপর বিশ্বাস রাখো,
ভয়কে দূরে সরাও;
আজকের ছোট চেষ্টা দিয়ে
আগামীর স্বপ্ন গড়াও।
অন্যের সুখে হাসতে শেখো,
দুঃখে থেকো পাশে,
মানুষ হয়ে বেঁচে থাকাই
সবচেয়ে বড় আশে।
দিন শেষে আয়নার সামনে
নিজেকে প্রশ্ন করো—
আজ তুমি কতটা ভালো হলে,
কতটা আলো ধরো?