"আলো হতে শিখো”
সামীউল ইসলাম শামীম
ঝড় এলে গাছ ভাঙে না সব,
কিছু গাছ দাঁড়িয়ে থাকে—
কারণ তারা শিখেছে আগে
মাটির গভীর শক্তি আঁকড়ে রাখতে।
সহজ পথে যে হাঁটে শুধু,
সে পথ চেনে না কঠিন কাল,
যে ঘামে ভিজিয়ে স্বপ্ন গড়ে
তার হাতেই ওঠে সাফল্যের জ্বলজ্বল পাল।
অন্ধকার যত গভীর হয়,
তত কাছেই ভোরের গান।
হাল না ছাড়া মানুষেরই
বদলে যায় একদিন ভাগ্যমান।
অন্যের সুখে হাসতে শেখো,
অন্যের দুঃখে পাশে থাকো—
মানুষ হওয়া বড় যে কঠিন,
শুধু বড় হওয়া নয়, এটা রাখো।
লোভের আগুন জ্বলে দ্রুত,
পুড়িয়ে ফেলে মন,
সততার আলো ধীরে জ্বলে—
কিন্তু থাকে আজীবন।
ভুল করলে লুকিও না,
শিখে নাও তার মানে।
যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায়,
সেই জেতে জীবনের টানে।
নিজের স্বপ্ন ছোট ভাবো না,
তুচ্ছ নয় কোনো কাজ—
একটি প্রদীপও পারে জ্বালাতে
অন্ধকারের সাজ।
তাই আজ থেকেই প্রতিজ্ঞা হোক—
ভয় নয়, হব সাহসী;
মানুষ হয়ে মানুষ গড়াই,
এটাই হোক সর্বশেষ আশ্বাসী।